বাজেটে বাস-ট্রাকসহ বাণিজ্যিক যানবাহনের অগ্রিম আয়কর বৃদ্ধি, নতুন যান আসছে করের আওতায়

বাজেটে বাস-ট্রাকসহ বাণিজ্যিক যানবাহনের অগ্রিম আয়কর বৃদ্ধি, নতুন যান আসছে করের আওতায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০২, ১১ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিকভাবে পরিচালিত বিভিন্ন মোটরযানের ওপর অগ্রিম আয়কর (এআইটি) উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি নতুন শ্রেণির যানবাহনকে প্রথমবারের মতো কর কাঠামোর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাস, ট্রাক, লরি, শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ও কোস্টার, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা এবং ট্যাক্সিক্যাবের অগ্রিম আয়কর দেড় থেকে দুই গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

নতুন কাঠামো অনুযায়ী, ৫২ আসনের একটি বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে। মিনিবাসের ক্ষেত্রে এই কর ১১ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত হবে। কোস্টারের জন্য কর ১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

পণ্য পরিবহন খাতেও কর বৃদ্ধি করা হচ্ছে। ৫ থেকে ২০ টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রাকের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করা হতে পারে। আর ২০ টনের বেশি ধারণক্ষমতার ট্রাকের ক্ষেত্রে কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছর থেকে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত অগ্রিম আয়কর পরিশোধ বাধ্যতামূলক করা হতে পারে। কর পরিশোধের প্রমাণপত্র বা চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়ন করবে না।

এছাড়া কর আইনে সংশোধন এনে কয়েকটি নতুন শ্রেণির যানবাহনকে পৃথকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রেন, ট্রাক্টর, ডাম্প ট্রাক, কার্গো ভ্যান, এক্সকাভেটর, ড্রেজার, রোলার, কংক্রিট মিক্সারসহ বিভিন্ন ভারী ও বিশেষায়িত যানবাহন।

এসব হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেলের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কর প্রশাসন শক্তিশালী করা, রাজস্ব আহরণ বাড়ানো এবং বাণিজ্যিক যানবাহনের আয়কর ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে পরিবহন খাতের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বাড়তি করের প্রভাব শেষ পর্যন্ত পরিবহন ব্যয় ও পণ্য পরিবহন খরচের ওপর পড়তে পারে।

শেয়ার করুনঃ
Advertisement