যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট কমাতে রাজধানীর ৩ বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৬:৫৭, ১৫ জুন ২০২৬

রাজধানীর সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উল্লেখ করা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রের কাছে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল ধাপে ধাপে সরিয়ে উপযুক্ত স্থানে স্থানান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement