ব্যবসায়ীদের দাবিতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

ব্যবসায়ীদের দাবিতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৫, ১১ জুন ২০২৬

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সীমা আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে টেলিফোনে এ সিদ্ধান্তের কথা অবহিত করেন।

নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল সরকার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সে সময় সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে ব্যবসায়ীদের আবেদনের পর সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষে আবারও সন্ধ্যা ৭টার সময়সীমা কার্যকর হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে সারাদেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

শেয়ার করুনঃ
Advertisement