ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ সেনা মোতায়েন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বিজনেস ডেইলি

Published : ১৪:৪৮, ২২ জুন ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি জরুরি চিঠি সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেনা মোতায়েন কার্যকর থাকবে।

চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এ প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে সেগুলো হলো :

১. ঢাকা মেট্রোপলিটন এলাকা
২. চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা
৩. গাজীপুর মেট্রোপলিটন এলাকা
৪. নারায়ণগঞ্জ জেলা
৫. গোপালগঞ্জ জেলা
৬. ফরিদপুর জেলা

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুনঃ
Advertisement