‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ
Published : ১৫:২৭, ২২ জুন ২০২৬
নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটক বরাবরই পারিবারিক গল্প ও বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়। সেই ধারাবাহিকতায় তার নির্মিত নাটক ‘ঝরা বকুল’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নাটকটিতে মনিরা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
নাটকের গল্পে দেখা যায়, মনিরা একটি নিম্নআয়ের পরিবারের বড় মেয়ে। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে গিয়ে নিজের বিয়ের কথাও ভাবতে পারেননি তিনি। এমনকি সংসারের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় তার মা-ও তাকে বিয়ের জন্য উৎসাহ দেন না। এ অবস্থায় কবির নামের এক যুবক মনিরাকে ভালোবাসে এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।
নাটকটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ইউটিউবের মন্তব্য ঘরে অনেকেই সুনেরাহর অভিনয়ের প্রশংসা করেছেন। এক দর্শক লিখেছেন, সুনেরাহ তার কণ্ঠ, ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতার মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে সহজেই নিজেকে মানিয়ে নিতে পারেন।
রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নাটকটির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, দর্শক এখন বাস্তবধর্মী পারিবারিক গল্পে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পান। পরিবার, সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন উপস্থাপনাই নাটকটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন। তার মতে, দর্শক যখন কোনো গল্পে নিজেদের জীবন ও অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পান, তখন সেই গল্প সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে।
‘ঝরা বকুল’-এ সুনেরাহ বিনতে কামাল ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী, গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেক শিল্পী।


































