বিদায়ের আগে হিন্দু ব্যক্তিকে নিজের টাকায় কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

বিদায়ের আগে হিন্দু ব্যক্তিকে নিজের টাকায় কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ছবি : সংগৃহীত

সিলেট প্রতিনিধি

Published : ১৭:৩৪, ২২ জুন ২০২৬

বিদায়ের আগে এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। চা বাগানের কর্মচারী মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা করে তিনি তার মুক্তির পথ সুগম করেছেন।

জানা গেছে, সিলেটের বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে তার দেখা হয়। তখন মঙ্গল দাসের পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন ডিসি।

পরবর্তীতে ওই আশ্বাসের প্রেক্ষিতে চলতি বছরের ১১ মার্চ সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ আদালত) বিচারক আনোয়ারুল কবির তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে ১৭ জুন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২১ জুন) মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। বকেয়া পরিশোধের পর বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির আবারও তার জামিন মঞ্জুর করেন।

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানিয়েছেন, আদালতের জামিনের আদেশ কারাগারে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গল দাস মুক্তি পাবেন।

শেয়ার করুনঃ
Advertisement