মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরুপ রায়
Published : ২০:০১, ২২ জুন ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে (টিএমসি) নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।
সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে প্রথমেই দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর নতুন কমিটি গঠন করা হয়নি।
এ প্রেক্ষাপটে সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং ধ্বনি ভোটের মাধ্যমে অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।
একই বৈঠকে দলের নতুন নেতৃত্ব কাঠামোও চূড়ান্ত করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহা।
এছাড়া দলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে। অতীতের আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বিশেষ নিরীক্ষক (অডিটর) নিয়োগের সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে।
দলের এই পুনর্গঠনকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
































