ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪
Published : ২০:৩৩, ২২ জুন ২০২৬
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সংঘটিত এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী ভবনের ভেতরে আটকা পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে নিচে পড়ে যেতে দেখা গেছে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধারকারীরা ভবনের ভেতর থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর একটি দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি।
































