চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে
Published : ১৮:৩০, ২২ জুন ২০২৬
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি সালিশ বৈঠকে তার আচরণ সংবলিত ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এবং এমপি হানজালার মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যের ঘটনা ঘটেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সালিশ বৈঠকে উত্তেজিত অবস্থায় সংসদ সদস্য হানজালা একজন বিএনপি কর্মীর উদ্দেশে উচ্চস্বরে কথা বলছেন এবং টেবিল চাপড়াচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমপি হানজালার আচরণের সমালোচনা করেন। পোস্টে তিনি হানজালাকে ‘ম্যানারলেস’ উল্লেখ করে ব্যঙ্গাত্মক ভাষায় তাকে চিড়িয়াখানায় রাখার মন্তব্য করেন।
এর জবাবে রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন এমপি হানজালা। তিনি রাশেদ খাঁনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক ভাষায় তাকে নিয়েও মন্তব্য করেন এবং চিড়িয়াখানা প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ করেন।
দুই পক্ষের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে এমপি হানজালাকে বলতে শোনা যায়, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য।” ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


































