মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
Published : ১৮:৩৫, ২২ জুন ২০২৬
দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, দালিয়ানে পৌঁছে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে দুই দিন অবস্থানের পর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।
চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলফিকলি হাসান। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
এর আগে মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শ্রমবাজার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকে প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হালাল শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন, সনদায়ন, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই দেশ একমত হয়।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানান। তিনি স্বচ্ছ ও সাশ্রয়ী নিয়োগ প্রক্রিয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া সফরই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।































