চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
Published : ১১:০২, ২৪ জুন ২০২৬
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা।
মঙ্গলবার (২৪ জুন) রাতে স্থানীয় সময় দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ ভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ অনুষ্ঠানে আরও অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, রাষ্ট্রীয় ভোজে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। এ ধরনের আয়োজনে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং উন্মুক্ত আলোচনার নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মাহদী আমিন আরও জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে করে বেইজিং যাবেন, যেখানে তার সফরের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে।




























