দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
Published : ১৯:৫০, ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ।
বুধবার এ বিষয়ে বাসসের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতীয় পক্ষের ব্যাখ্যা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক মনে হয়নি।
তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মুখপাত্র বলেন, “বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। তারপরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।”
চলতি মাসের শুরুতে আইওআরএ-এর একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যান ডা. জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পারেননি এবং পরে ঢাকায় ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।
অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার ভূখণ্ডে বসবাসরত সকল নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর মাধ্যমে বাংলাদেশ সরকার আবারও স্পষ্ট করেছে যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের নীতিগত অঙ্গীকার।




























