সরকারি ৩শ কেজি বই বিক্রির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

সরকারি ৩শ কেজি বই বিক্রির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছবি : সংগৃহীত

ভোলা প্রতিনিধি

Published : ১১:৪২, ২৪ জুন ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকের বিরুদ্ধে সরকারি নতুন ও পুরাতন পাঠ্যবই ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন মাদ্রাসার গুদামে সংরক্ষিত বিভিন্ন শ্রেণির প্রায় ৩০০ কেজি সরকারি বই এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করা হয়। বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে বিষয়টি আসে।

পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা বইভর্তি ভ্যানটি আটক করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া বই গোপনে ভাঙ্গারির দোকানে বিক্রি করা গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহলেরও ক্ষোভ দেখা গেছে। তাদের মতে, সরকারি সম্পদ রক্ষার দায়িত্বে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement