বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ২০:১৭, ২৪ জুন ২০২৬

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিরোধীদল নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী প্রবণতা স্পষ্ট। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর প্রসঙ্গে বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, “বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।”

রিজভী আরও দাবি করেন, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সংস্কৃতির অবসান ঘটেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুনঃ
Advertisement