প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলিয়াস বেকতেনভ আজ ডব্লিউইএফ বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৫:১৬, ২৪ জুন ২০২৬

চীনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।

দুই নেতা রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement