বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ২০:৩৭, ২৪ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ জুন ২০২৬ থেকে বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত করা হবে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া শুধুমাত্র জরুরি সেবাসংক্রান্ত যানবাহন, যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, সংবাদমাধ্যমের যান, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি বাহন এবং সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।

তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি, অংশীজনদের মতামত ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে এ সিদ্ধান্ত ভবিষ্যতে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement