বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছানোর পর চাউমিং রেলওয়ে স্টেশনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবি : পিএমও

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:৪১, ২৪ জুন ২০২৬

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।

রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন।

অভ্যর্থনার অংশ হিসেবে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। এ সময় তাদের লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় করে দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং সফরসঙ্গীরা এই রাষ্ট্রীয় অতিথি ভবনেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

বেইজিংয়ে আসার আগে বুধবার সকালে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফরের অংশ।

শেয়ার করুনঃ
Advertisement