আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৫:১২, ২৪ জুন ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়গুলোর পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “একটি রাষ্ট্র, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই সিলেবাস থাকা সত্ত্বেও বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ইতোমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে একক প্রশ্নপত্রের আওতায় আনা হয়েছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও বাংলা, ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।”

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় একক প্রশ্নপত্র বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, প্রশ্নপত্র সঠিক নিয়মে বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কোড বিভ্রাট বা ভুল হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা খাতে নিয়োগসংক্রান্ত জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মামলার কারণে শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। যারা শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এনটিআরসিএ প্রসঙ্গে ড. মিলন বলেন, প্রতিষ্ঠানটিকে মূলত শিক্ষকদের যোগ্যতার রাষ্ট্রীয় সনদ প্রদানের জন্য গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে এর কার্যক্রম উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার মান নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা সভায় অংশ নেন।

শেয়ার করুনঃ
Advertisement