ফেইস অব টুমোরো’ নিয়ে আশাবাদী নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন

ফেইস অব টুমোরো’ নিয়ে আশাবাদী নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:৪৬, ২৪ জুন ২০২৬

নতুন তারকা মুখ খুঁজে বের করার লক্ষ্যে ‘চলো ঘুরে আসি’ এবং ‘মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’-এর যৌথ প্রযোজনায় আয়োজন করা হয়েছে রিয়েলিটি শো ‘ফেইস অব টুমোরো’। আগামীর সম্ভাবনাময় অভিনয়শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন।

রিয়েলিটি শো ও বিজ্ঞাপন নির্মাণে ওশিন ইতোমধ্যে নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার পরিচালনায় ‘মার্কস ডেজার্ট কুইন’, ‘রূপচাঁদা সুপার শেফ’ এবং ‘আড়ং আঁকিবুকি টুকিটাকি’র মতো জনপ্রিয় অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি গ্রামীণফোন, ইউনিলিভার, আড়ং ডেইরি, আকিজ সোপ, মেরিকো ও বাংলালিংকসহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণেও কাজ করেছেন তিনি।

আধুনিক ক্যামেরা ভাষা, সৃজনশীল গল্প বলার ধরন এবং ভিজ্যুয়াল উপস্থাপনার জন্য নির্মাতা হিসেবে আলাদা পরিচিতি তৈরি করেছেন ওশিন।

নতুন এই রিয়েলিটি শো প্রসঙ্গে তিনি বলেন, “টেলিভিশন শো নির্মাণ সবসময়ই আমাকে আনন্দ দেয়। বড় পরিসরে কাজ করা, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ এবং নির্দিষ্ট একটি ফরম্যাটের ভেতরে থেকে ডাইনামিকভাবে ভিজ্যুয়াল নির্মাণের অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।”

‘ফেইস অব টুমোরো’ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, “এটি একটি দারুণ উদ্যোগ। আমাদের দেশে বড় পরিসরে এ ধরনের শো খুব বেশি হয় না। এমন আয়োজন বাড়লে নতুনদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। শুধু প্ল্যাটফর্মই নয়, এই শোর মাধ্যমে বড় স্কেলের ফিকশন প্রজেক্টে অভিনয়ের সুযোগও তৈরি হচ্ছে। একজন নবীন শিল্পী যদি এমন সুযোগ দিয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন, তাহলে তার কাজের প্রতি নিবেদন আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “ফেইস অব টুমোরো নিয়ে আমি বেশ আশাবাদী। অনুষ্ঠানটি সফল হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।”

নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন জানান, খুব শিগগিরই ‘ফেইস অব টুমোরো’ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement