ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী ছবি : মন্ত্রণালয়

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৫:০৮, ২৪ জুন ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপিকে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অবস্থানকারী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। তবে ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষা ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। তিনি বলেন, “আমরা সকল ধর্মের মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ আরও জোরদার করতে চাই।”

বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতারা চট্টগ্রামের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের যাতায়াত ও অবকাঠামোগত নানা সমস্যার বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ সময় মির্জা ফখরুল চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং আশপাশের অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement