বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
Published : ১৫:০২, ২৪ জুন ২০২৬
চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্থানীয় সময় দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দালিয়ানের শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে তারা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।
এর আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের আয়োজনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। এতে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারেও এটি সহায়ক হবে।
উল্লেখ্য, গত সোমবার চীনের দালিয়ান পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপ। এর আগে ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান তিনি। বেইজিংয়ে অবস্থানকালে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।




























