জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নতুন পুলিশ ইউনিট পাঠাতে প্রস্তুতি শুরু গঠন হলো ৯ সদস্যের কমিটি
Published : ১২:৫৭, ৩ আগস্ট ২০২৬
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আগামী দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) এবং একটি সোয়াট (SWAT) প্লাটুন পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও অন্যান্য মালামাল প্রস্তুত এবং যাচাই-বাছাই করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’ (PCRS)–এর আওতায় বাংলাদেশ পুলিশকে একটি এফপিইউ ও একটি সোয়াট প্লাটুন মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় যানবাহন, প্রযুক্তিগত সরঞ্জাম এবং মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব উপকরণের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে গঠিত কমিটি।
কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান ও মো. আব্দুল্লাহ আল-মামুন।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কেপিএইচের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এ.এইচ.এম. ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরী।
আদেশ অনুযায়ী, কমিটি মিশনের জন্য নির্ধারিত যানবাহন, প্রধান সরঞ্জাম এবং প্রয়োজনীয় মালামাল বিস্তারিতভাবে পরীক্ষা ও মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রয়োজনীয় নতুন সরঞ্জাম ক্রয় ও সংগ্রহের কার্যক্রম আগামী দুই মাসের মধ্যে শুরু করার সুপারিশও করবে।
এ ছাড়া জাতিসংঘের প্রতিনিধিদলের সম্ভাব্য পরিদর্শনের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ, কার্গো লোড লিস্ট প্রস্তুত করা এবং বিশেষ সোয়াট প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পুলিশ সদস্য নির্বাচন করে মূল ইউনিটে অন্তর্ভুক্ত করার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলি হোসেন ফকিরের অনুমোদনে জারি করা এ আদেশে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।





























