নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৫, ১৫ আগস্ট ২০২৬

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। এর ফলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নবনির্মিত ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

নতুন ভবন চালুর ফলে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবার সুযোগ বাড়ার পাশাপাশি হাসপাতালে দীর্ঘদিনের শয্যা সংকটও কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ
Advertisement