পানছড়ির রাবার ড্যামের ব্যাগ কেটে দেওয়া, ঝুঁকিতে ১২০০ একর ফসলি জমি

পানছড়ির রাবার ড্যামের ব্যাগ কেটে দেওয়া, ঝুঁকিতে ১২০০ একর ফসলি জমি ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি

Published : ১১:৪৬, ১৫ আগস্ট ২০২৬

শীতের শুরুতেই চেংগী নদীর পানি আটকে রাখে পানছড়ির রাবার ড্যাম। সেই পানি সেচের মাধ্যমে সবুজ হয়ে ওঠে নদীর দুই তীরের বিস্তীর্ণ ফসলের মাঠ। তিন ইউনিয়নের কৃষকদের কাছে তাই ড্যামটি শুধু একটি অবকাঠামো নয়, বোরোসহ বিভিন্ন ফসল উৎপাদনের অন্যতম ভরসা।

তবে এবার সেই ভরসাতেই বড় ধাক্কা লেগেছে। রহস্যজনকভাবে কেটে দেওয়া হয়েছে ড্যামের রাবার ব্যাগ। এতে আসন্ন বোরো মৌসুমে সেচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় ১ হাজার ২০০ একর ফসলি জমি।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ড্যামের রাবার ব্যাগ কেটে দেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে রাবার ড্যাম পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে ব্যাগটি কেটেছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চাকমা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রাবার ব্যাগ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুত মেরামত করা না হলে আগামী বোরো মৌসুমে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

কমিটির অর্থ সম্পাদক দুর্বাদল চাকমা জানান, ড্যামের পানি ব্যবহার করে প্রায় ১ হাজার ২০০ একর জমিতে চাষাবাদ হয়। রাবার ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমের চাষাবাদ নিয়ে তারা শঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, সময়মতো রাবার ব্যাগ মেরামত করা না হলে শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখা সম্ভব হবে না। এতে সেচ সংকট দেখা দিয়ে অনেক জমি অনাবাদি পড়ে থাকতে পারে। পাশাপাশি বাড়তে পারে কৃষকদের সেচ ব্যয়ও।

রাবার ড্যাম এলাকার কৃষি উপসহকারী সোহাগ চাকমা বলেন, শান্তিপুর এলাকার প্রায় ১ হাজার ২০০ একর জমি ড্যামের পানির ওপর নির্ভরশীল। দ্রুত ড্যামটি মেরামত করা না হলে কৃষিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কৃষির পাশাপাশি শুষ্ক মৌসুমে স্থানীয়দের বিনোদন ও পর্যটনেরও আকর্ষণ হয়ে ওঠে এই রাবার ড্যাম। পানি জমলে বদলে যায় চেংগী নদীর দুই পাড়ের দৃশ্য। ফলে ক্ষতিগ্রস্ত ড্যামটি দ্রুত সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় ড্যামের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ একটি সেচ অবকাঠামোর রাবার ব্যাগ কীভাবে কেটে দেওয়া হলো, সেখানে পর্যাপ্ত নজরদারি ছিল কি না এবং দায়ীদের শনাক্তে কী উদ্যোগ নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন জানান, রাবার ড্যামের ব্যাগ কেটে দেওয়ার অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানাকেও জানানো হবে।

এখন কৃষকদের মূল প্রত্যাশা দ্রুত রাবার ব্যাগ মেরামত করে ড্যামটি সচল করা। কারণ ক্ষতিগ্রস্ত এই ড্যামের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১ হাজার ২০০ একর জমির ফসল, বহু কৃষকের জীবিকা এবং শুষ্ক মৌসুমের কৃষি উৎপাদন। পাশাপাশি ব্যাগটি কারা ও কেন কেটেছে, তা তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ
Advertisement