কালকিনিতে মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
Published : ১৩:৪৯, ১৫ আগস্ট ২০২৬
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০), মাইমুনাসহ পাঁচজন আহত হয়।
পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, তাঁর বসতঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা লাগোয়া এলাকায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. জহিরুল আলম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।































