শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ
Published : ১৩:৫৮, ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিনের অপেক্ষার পর অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণের বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শনিবার অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে এ সংখ্যা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে বিলম্ব হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভোগান্তি ও অসন্তোষ ছিল। অর্থ বিতরণ শুরু হওয়ায় তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































