গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ১৮:৩২, ১৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুনঃ
Advertisement