শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
Published : ১৮:৩৮, ১৯ আগস্ট ২০২৬
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার জন্য সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নূরুল ইসলাম মনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন যাত্রার সূচনা করবে এবং একটি গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ হয়ে থাকবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।





























