রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ, সুষ্ঠু ভোটে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি
Published : ১৭:২৪, ১৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে।
নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে যে ফলাফল ঘোষণা করা হবে, সেটিই চূড়ান্ত। ভোটগ্রহণের দিনই ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা সংসদে অবস্থান করতে পারবেন। ভোট গণনার সময়ও তারা সেখানে উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।





























