কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:৩৪, ১৯ আগস্ট ২০২৬

ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি ইতোমধ্যে দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহতদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয় সম্পর্কে শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, সাধারণত এ ধরনের ঘটনায় পরিবারের পক্ষ থেকেই খরচ বহন করা হয়। তবে কোনো পরিবার এই ব্যয় বহনে অক্ষম হলে সরকার মানবিক বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি আরও জানান, স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement