চার মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, তীব্র যানজট

চার মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, তীব্র যানজট ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

Published : ১৭:৩২, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবস্থানের কারণে অক্সিজেন-মুরাদপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা বকেয়া রেখেছে। এর পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করা হচ্ছে না। চার মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য তারা এ কর্মসূচিতে নেমেছেন।

শ্রমিকরা বলেন, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ ও থানা-পুলিশ। যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement