কখনো ভাবিনি রাষ্ট্রপতি হব, এটা দলের ও আল্লাহর অশেষ মেহেরবানি’: মির্জা ফখরুল

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হব, এটা দলের ও আল্লাহর অশেষ মেহেরবানি’: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৩, ১৯ আগস্ট ২০২৬

আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি’—বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন।

বুধবার (১৯ আগস্ট) দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়াকে তিনি দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান।

রাজনীতিতে যেভাবে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। তিনি পাকিস্তান প্রাদেশিক আইনসভার দুইবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। মির্জা ফখরুলের মা ছিলেন মির্জা ফাতেমা আমিন।

বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে এলেও জাতীয় রাজনীতিতে মির্জা ফখরুলের হাতেখড়ি হয় আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ)। পরবর্তীতে শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে তিনি পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হন।

১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ধাপে ধাপে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে আসেন।

২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। সেই থেকে দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল।

শেয়ার করুনঃ
Advertisement