৩ সেপ্টেম্বর: তারেক রহমানের কারামুক্তির দিন
Published : ১২:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৬
২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ওই বছরের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় তাকে। প্রায় ৫৫৪ দিন কারাগারে থাকার সময়ে রিমান্ডে নির্যাতনের অভিযোগও ওঠে। বিএনপির দাবি, কারাগারে নির্যাতনের কারণে তারেক রহমান গুরুতরভাবে আহত হন এবং তার মেরুদণ্ডে আঘাত লাগে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশনায় তাকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে যুক্তরাজ্যে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
কারামুক্তির পর থেকেই তারেক রহমানের রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত হয় দীর্ঘ প্রবাসজীবন। বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর ৩ সেপ্টেম্বরকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে থাকে।
দলীয় নেতাকর্মীদের কাছে দিনটি শুধু কারামুক্তির স্মরণ নয়; বরং রাজনৈতিক প্রতিকূলতার সময়ে দলের নেতৃত্ব ও তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও বিবেচিত হয়।































