জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎসের সন্ধান করছে সরকার: শামা ওবায়েদ
Published : ১৪:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খোঁজার ওপর জোর দিচ্ছে সরকার। রাজধানীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই কথা জানান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট বা যুদ্ধাবস্থার কারণে যেন দেশের অর্থনীতিতে বড় কোনো চাপ তৈরি না হয়, সেজন্য জ্বালানি খাতের বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সংগ্রহের পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অত্যন্ত আন্তরিক। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তরেও এর ব্যবহার সম্প্রসারণ করা হবে। এছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে চীন ও জাপানের মতো দেশের সঙ্গে আলোচনা চলছে এবং এলএনজি আমদানিতেও বৈচিত্র্য আনার চেষ্টা চলছে।
অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে শামা ওবায়েদ জানান, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগকারীদের হয়রানি রোধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার আদলে নতুন উদ্যোগ এবং ডিজিটাল সেবার পরিধি আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশকে শুধু সংকট বা বন্যার দেশ হিসেবে নয়, বরং এর গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরার সরকারের প্রচেষ্টার কথাও জানান তিনি।





























