বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কাজ নিষিদ্ধ করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কাজ নিষিদ্ধ করল মার্কিন দূতাবাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন বা চিকিৎসার জন্য দেওয়া এই ভিসার আওতায় কোন কোন কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট সতর্কবার্তা জারি করেছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এই সতর্কবার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ ভ্রমণ বা নির্দিষ্ট অনুমোদিত কাজ ছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ কার্যক্রমগুলোর সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে: ১. বার্থ ট্যুরিজম: কেবল সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে সন্তান প্রসব করা। ২. স্থানীয় কর্মসংস্থান: যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক বা বেতন পাওয়া যায়—এমন কোনো কাজ করা। ৩. প্রাতিষ্ঠানিক পড়াশোনা: কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের উদ্দেশ্যে পড়াশোনা করা। ৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ: যেকোনো ধরনের মজুরি বা পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেওয়া বা কাজ করা।

ভিসার অপব্যবহার ও আইন লঙ্ঘন এড়াতে ভ্রমণকারীদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement