সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হওয়ার অভিযোগ ঢাবি শিক্ষক শেহরীন আমিন মোনামীর
Published : ১৪:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রশিবিরের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে অনবরত ট্যাগিং এবং হেনস্তার অভিযোগ তুলেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে ওই শিক্ষক উল্লেখ করেন, সারাদিন বাসা বদল ও গোছগাছের মতো ক্লান্তিকর কাজ শেষে রাতে ফেসবুকে প্রবেশ করে তিনি এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি দেখতে পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র—যাদের মধ্যে একজন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বা সমর্থক—বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়িয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় তাঁর নামও হেনস্তার শিকারদের তালিকায় যুক্ত করা হয়েছে।
বিষয়টি নজরে আসার পর অভিযুক্তদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক বা আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এরপর থেকেই তাঁকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবিরাম ট্যাগিং, টিপ্পনী কাটা এবং নানাভাবে নাজেহাল করার প্রবণতা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক মতাদর্শগত বিরোধ এবং পূর্বে ছাত্রশিবির সম্পর্কে তাঁর ইতিবাচক মন্তব্যের জের ধরেই তাঁকে নতুন করে এই পরিস্থিতির মুখোমুখি করা হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন এই শিক্ষক।
পোস্টের শেষাংশে চরম হতাশা ব্যক্ত করে তিনি মন্তব্য করেন, নারী হিসেবে যেকোনো ইস্যুতেই হেনস্তা করার একটি মানসিকতা কিছু মহলের মধ্যে কাজ করে। শিক্ষকতা পেশা নিয়ে নিজের গভীর হতাশার কথা প্রকাশ করে তিনি লেখেন, অর্থনৈতিক বাধ্যবাধকতা না থাকলে তিনি হয়তো বহু আগেই এই পেশা ছেড়ে অন্য কিছু বেছে নিতেন।


































