বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ
Published : ১৮:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালির ভেনিসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর কোল্ড ড্রিংকস, পানি ছুড়ে মারা এবং শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
সংসদে বিষয়টি তুলে ধরে জহরত আদিব চৌধুরী বলেন, চলচ্চিত্র-সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে ভেনিসে গিয়ে পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে পার্কে হাঁটার সময় অভিনেত্রী বাঁধনকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তাকে টার্গেট করে অত্যন্ত খারাপ ভাষায় এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। যারা এই ঔদ্ধত্য দেখিয়েছে, তারা মনে করছে দেশের বাইরে গিয়েও আইন লঙ্ঘন করা যাবে এবং একজন নারীর ওপর হামলা চালানো যাবে। এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—সেটি সংসদের মাধ্যমে দেশের জনগণ জানতে চায়।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টিকে ‘অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ উপস্থিত না থাকায় মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা আসলে এ বিষয়ে তাদের বক্তব্য ও সরকারের পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।



























