আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ দোকানের তালা ভেঙে অবৈধভাবে মজুত করা ৩ টন সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

Published : ১১:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দোকানের তালা ভেঙে অবৈধভাবে মজুত করা ৩ টনের বেশি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে সার মজুতের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।

অভিযুক্ত রফিকুল ইসলাম সুজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি বাজারে ‘সুজন এন্টারপ্রাইজ’ নামে সার ও কীটনাশকের দোকান পরিচালনা করতেন।

প্রশাসন সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দোকানটিতে অবৈধভাবে সার মজুতের খবর পায় উপজেলা প্রশাসন। সকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সুজন দোকান বন্ধ করে চলে যান।

পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়।

একই অভিযানে পালুহাটি গ্রামের আতাউর রহমানের দোকানেও অভিযান চালানো হয়। সেখানে প্রায় ২ টন অবৈধভাবে মজুত করা সার পাওয়ার পর অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জব্দ করা সার নকল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

ইউএনও আফিয়া আমিন পাপ্পা বলেন, অসাধু উপায়ে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement