পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে সন্ধ্যায় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
Published : ১৯:৩৭, ১ নভেম্বর ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার। চলমান শ্রমিক অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে তাঁর কার্যালয়ে ডেকেছেন। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টা মাহদী আমিন এবং অন্য কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। মাগরিবের নামাজের পর বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে বিলম্ব হওয়ায় বোর্ড গঠনের প্রক্রিয়াও পিছিয়ে যায়।
সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।
তিনি বলেন, শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন। সেই দাবি অনুযায়ী বোর্ড গঠন করা হয়েছে। এখন শ্রমিকেরা বিক্ষোভের রাস্তা ছেড়ে কারখানায় কাজে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রমিকদের আন্দোলন ও কারখানা বন্ধের বিষয়ে মন্ত্রী অভিযোগ করেন, শ্রমিক নেতারা আগে থেকেই সরকারের সঙ্গে আলোচনা করে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। এরপরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মন্ত্রী আরও অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে পরামর্শ করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠকের তারিখ এবং নতুন মজুরি কাঠামো ঘোষণার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।





























