বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Published : ১০:৪৪, ৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন তিনি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এবারের বিওবিসি ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য—‘Fragments, Frontiers & Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে শতাধিক দেশের অংশগ্রহণকারীরা যুক্ত হয়েছেন এবং প্রায় ২০০ জন বক্তা বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন।
বিওবিসি ২০২৬-এ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আলোচনায় থাকছে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এবারের সম্মেলনের আলোচনাগুলো পাঁচটি প্রধান স্তম্ভকে কেন্দ্র করে সাজানো হয়েছে—ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা এবং গণতন্ত্র ও সুশাসন।
সিজিএসের আয়োজনে এটি বে অব বেঙ্গল কনভারসেশনের পঞ্চম আসর। সম্মেলনটির লক্ষ্য বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক এবং বৃহত্তর আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করা।





























