গেন্ডারিয়ায় ইশরাকের অস্ত্র প্রদর্শন, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
Published : ১৭:২৬, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে এলাকায় ‘ত্রাসের রাজত্ব’ কায়েমের ইঙ্গিত দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে মাহবুব জুবায়ের বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশে মাদকের বিস্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে গেন্ডারিয়ায় ইশরাক হোসেনের অস্ত্র উঁচিয়ে প্রদর্শন আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল।
অস্ত্র আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন ছাড়া বৈধ অস্ত্র প্রকাশ্যে ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বহাল থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর এমন অস্ত্র প্রদর্শন এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত।
জুবায়ের আরও অভিযোগ করেন, প্রতিমন্ত্রী অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন। তাঁর মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ সন্ত্রাসীদের আরও উৎসাহিত করতে পারে এবং জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে জামায়াত নেতা ঘটনার উপযুক্ত প্রতিকার দাবি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে মার্জিত, জনবান্ধব ও আইনি প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানানো হয়।
































