দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন, দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
Published : ১১:৫২, ১৮ নভেম্বর ২০২৬
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিকগুলোর অন্যতম ‘দৈনিক ইত্তেফাক’-এর প্রকাশক পরিবর্তন হয়েছে। পত্রিকাটির নতুন প্রকাশক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে প্রকাশকের দায়িত্বে ছিলেন তাঁর মেয়ে তারিন হোসেন।
তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের সংবাদপত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে দৈনিক ইত্তেফাকের।































