১১ বছরে দীপ্ত টেলিভিশন, প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে দুই সিনেমার বিশেষ আয়োজন
Published : ১২:৫১, ১৮ নভেম্বর ২০২৬
দেশীয় সংস্কৃতি, বিনোদন, কৃষি ও সংবাদভিত্তিক বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে সম্প্রচারের ১১ বছর পূর্ণ করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টেলিভিশন। ২০১৫ সালের ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করে চ্যানেলটি। শুরু থেকেই দেশীয় গল্প, সংস্কৃতি ও দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে টেলিভিশন অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে দীপ্ত টেলিভিশন।
দেশীয় গল্পনির্ভর ধারাবাহিক নাটক নির্মাণ ও প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় বিভিন্ন দেশের ড্রামা সিরিজ বাংলা ভাষায় সম্প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে চ্যানেলটি। এসব আয়োজন দর্শকদের কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে।
বিনোদনের পাশাপাশি কৃষিভিত্তিক অনুষ্ঠান নির্মাণেও রয়েছে দীপ্ত টেলিভিশনের বিশেষ ভূমিকা। টানা ১১ বছর ধরে প্রচারিত হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। এর মাধ্যমে দেশের কৃষকেরা দেশ-বিদেশের আধুনিক কৃষিপদ্ধতি, নতুন প্রযুক্তি, উন্নত চাষাবাদ কৌশল এবং কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারছেন। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা, সফলতা ও সম্ভাবনার গল্প তুলে ধরে কৃষি খাতের তথ্যপ্রবাহেও ভূমিকা রাখছে অনুষ্ঠানটি।
অন্যদিকে, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে চ্যানেলটির সংবাদ বিভাগ ‘দীপ্ত নিউজ’। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলির পাশাপাশি জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরছে বিভাগটি।

১১ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দর্শকদের জন্য থাকছে বিশেষ বিনোদন আয়োজন। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।
একই পরিচালকের আরেকটি সিনেমা ‘তাণ্ডব’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসানসহ আরও অনেকে। এ দুই সিনেমার পাশাপাশি দিনভর দীপ্ত টেলিভিশনের পর্দায় থাকছে নিয়মিত অনুষ্ঠানমালা।
দীর্ঘ ১১ বছরের পথচলায় দর্শকদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে এগিয়ে চলেছে দীপ্ত টেলিভিশন। আগামী দিনেও মানসম্মত অনুষ্ঠান নির্মাণ, দেশীয় গল্প ও সংস্কৃতির বিকাশ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের সঙ্গে থাকার প্রত্যাশা জানিয়েছে চ্যানেলটি।































