পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, রণক্ষেত্র পৌর এলাকা
Published : ১৭:৪৬, ২১ নভেম্বর ২০২৬
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বেড়ার বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বিকেল ৪টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এলাকায় সংঘর্ষ চলছিল। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।’
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষ জমায়েত হয়েছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে রয়েছেন। উত্তেজিতদের শান্ত করে সরানোর চেষ্টা চলছে।’





























