ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪০, ২১ নভেম্বর ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি মহল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বেনামে ও ছদ্মবেশে এসব প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, সম্প্রতি ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন।

এ ধরনের প্রচারণা রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে মন্তব্য করে তিনি বলেন, এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মপন্থার পার্থক্যের কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়, যা রাজনীতির সৌন্দর্য। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে নোংরা ও তীব্র মিথ্যাচার কোনোভাবেই সহনীয় নয়।

শেখ ফজলুল করীম মারুফের ভাষ্য, মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

শেয়ার করুনঃ
Advertisement