প্রতিহিংসার রাজনীতি চাই না, তবে দুর্বল ভাবার সুযোগ নেই: সেলিম ভূঁইয়া

প্রতিহিংসার রাজনীতি চাই না, তবে দুর্বল ভাবার সুযোগ নেই: সেলিম ভূঁইয়া ছবি: কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লা প্রতিনিধি

Published : ১৮:১৫, ২১ নভেম্বর ২০২৬

গত ১৭ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা তাঁরা ভুলে যাননি। তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। একই সঙ্গে তাঁদের দুর্বল ভাবারও সুযোগ নেই।

শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। ওই সময়ে স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন—এমন ব্যক্তিদের প্রমাণসহ তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কারও ওপর অন্যায় বা জুলুম করার ইচ্ছা তাঁদের নেই।

সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়তা দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’ এ সময় নিজেদের দুর্বল মনে না করার আহ্বান জানান তিনি।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের ঘটনায় সমালোচনার প্রসঙ্গ তুলে সেলিম ভূঁইয়া বলেন, একজন বয়স্ক মানুষকে আটকের ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতে যেতে হয়েছে। তাঁকে ধরে ধরে আদালতে নেওয়া হতো এবং হাতকড়াও পরানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে সংসদ সদস্য বলেন, তাঁকেও হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাঁকে তুলে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল বলে জানান সেলিম ভূঁইয়া।

শিক্ষাব্যবস্থা নিয়েও বক্তব্য দেন তিনি। সেলিম ভূঁইয়ার অভিযোগ, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে। শিক্ষকদের দিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয় লেখানো ও শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এ কাজে শিক্ষকদের ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উপস্থাপনের বিষয়ে নিজের আপত্তির কথা জানান সংসদ সদস্য। ওই দুর্ভিক্ষে অনাহারে মানুষের মৃত্যু এবং অনেকের মরদেহ দাফনের জন্য লোক পাওয়া যায়নি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement