সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সততা ও দক্ষ নাগরিক প্রয়োজন: শিবির সভাপতি
Published : ১৭:৫৯, ২১ নভেম্বর ২০২৬
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শুধু দক্ষতা বা ভালো ফলাফল যথেষ্ট নয়; এর পাশাপাশি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা এবং সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। এর পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচারের মতো বিষয়গুলো দায়ী।
জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশগুলো মানবসম্পদের যথাযথ ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে। বিপরীতে, বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এতে মেধা পাচারের প্রবণতা বাড়ছে।
বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে শিবির সভাপতি বলেন, এ দেশে মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার অভাব নেই; বরং অভাব সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার।
তিনি দেশের পর্যটন খাত ও খনিজ সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা ও আর্থিক খাতে প্রকৃত মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের মূল্যায়নের ওপর গুরুত্ব দেন। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি প্রশিক্ষণ, মূলধন সরবরাহ ও করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, ‘দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে আমি দেশকে কী দিতে পারলাম, তা ভাবতে হবে।’
এ সময় পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবতার কল্যাণে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান শিবির সভাপতি।





























