আওয়ামী লীগের আগুন সন্ত্রাস জনগণই রুখে দেবে: এমপি রোকন উদ্দিন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস জনগণই রুখে দেবে: এমপি রোকন উদ্দিন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

Published : ১৮:০৭, ২১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, ক্ষমতায় থাকাকালেও দলটি আগুন সন্ত্রাস চালিয়ে অন্যের ওপর দায় চাপাত। তাদের এমন কর্মকাণ্ড জনগণই প্রতিহত করবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, ১৭ বছর আগের আগুন সন্ত্রাসের কারণে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এখনো দলটি দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে আবারও আগুন সন্ত্রাসের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তবে দেশের জনগণ সচেতন রয়েছে এবং তাদের সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলে জানান তিনি।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ-প্লাসের সংখ্যা বাড়িয়েছিল। কিন্তু সেখানে শিক্ষার গুণগত মান ছিল না; বরং জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা ছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এবার প্রশ্নপত্র ভালো হওয়ায় এ-প্লাসের সংখ্যা কম হলেও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটেছে। আগামী দিনে দেশে খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান সংসদ সদস্য।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা, টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা।

শেয়ার করুনঃ
Advertisement