সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে পুলিশের ৭ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৫০

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে পুলিশের ৭ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৫০ শ্রমিক অসন্তোষে পুড়ছে পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি

Published : ১৮:১৯, ২১ নভেম্বর ২০২৬

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের অন্তত সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব সংঘর্ষে পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় মোট ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত পাঁচজন শ্রমিক ফেডারেশন নেতাসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ জানায়, আন্দোলন ও সংঘাতের বিভিন্ন পর্যায়ে বিক্ষুব্ধদের হামলায় শিল্প পুলিশের পাঁচটি এবং ঢাকা জেলা পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আন্দোলনের সুযোগ নিয়ে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হচ্ছে।

সহিংসতার পেছনে উসকানিদাতা ও অর্থায়নকারীদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement