অস্ট্রেলিয়ায় প্রবাসী তরুণদের সঙ্গে মতবিনিময়ে শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় প্রবাসী তরুণদের সঙ্গে মতবিনিময়ে শফিকুর রহমান ছবি: অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৪, ২১ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।

অনুষ্ঠানে তরুণরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই চলবে না; নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতি তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।

এ সময় জামায়াতের আমির তরুণদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

শেয়ার করুনঃ
Advertisement